ছেলের হাতে বাবা খুন

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। গত সোমবার (১২ই জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

            স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার ৩ ছেলেকে আলাদা করে জমিজমা ও সম্পত্তি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল বাবার হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ৬টি গরু ৩ ভাইয়ের মধ্যে ভাগ করে দেয়া হবে। সোমবার বিকেলে বাবার হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় আঘাত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

            এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *