সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা ভুল সিদ্ধান্ত ছিল: প্রেস সচিব

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের জন্য ব্যবহৃত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাটা ছিল একটি ভুল পদক্ষেপ। তবে কোনো সাংবাদিক বা সংবাদমাধ্যম কি বলতে পারবে, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে?”

তিনি জানান, বর্তমানে প্রায় ৬০০ সাংবাদিক সচিবালয়ে প্রবেশের অনুমতি পেয়েছেন এবং নিয়মিত রিপোর্টিং করছেন। যদিও অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া কিছুটা ধীরগতির হয়েছে বলে স্বীকার করেন তিনি। তার মতে, সবাইকে দ্রুত অ্যাক্রিডিটেশন দেওয়া উচিত।

তিনি আরও জানান, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দেওয়ার জন্য একটি সরকারি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত কার্যক্রম শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, “কমিটির প্রস্তাব বাস্তবায়ন হলে পরিস্থিতির আরও উন্নতি হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, ভূরাজনৈতিক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী, এবং দ্য ডিসেন্টের প্রতিষ্ঠাতা কদরুদ্দিন শিশির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *