
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইরান কীভাবে ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করছে—এ প্রশ্ন এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁদের মতে, ইরানের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করা নয়; বরং কম খরচে এমন একটি কৌশল বজায় রাখা, যার মাধ্যমে মার্কিন বাহিনীর ওপর দীর্ঘমেয়াদি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা যায়।
বিশ্লেষকদের মতে, ইরানের তৈরি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও উৎক্ষেপণ ব্যয় তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে এসব হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট ও থাডের মতো অত্যাধুনিক এবং অত্যন্ত ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। ফলে প্রতিটি প্রতিরোধ অভিযানে ওয়াশিংটনের ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক ও ন্যাটোর সাবেক গবেষণা বিশ্লেষক প্যাট্রিক ব্যুরি বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি এবং উৎক্ষেপণের খরচের তুলনায় সেগুলো মাঝ আকাশে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের ব্যয় অনেক বেশি। তাঁর মতে, এই ব্যয়ের বিশাল পার্থক্যের কারণেই ইরান কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে পারছে এবং এ সমস্যার সহজ সমাধান এখনো দেখা যাচ্ছে না।
একই ধরনের মূল্যায়ন দিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনের কিংস কলেজের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক আন্দ্রেয়াস ক্রিগ। তাঁর মতে, ইরানের জন্য যুক্তরাষ্ট্রকে যুদ্ধে হারানো জরুরি নয়। বরং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ওপর মানবিক, সামরিক ও রাজনৈতিক চাপ বজায় রাখতে মাঝে মাঝে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কয়েকটি নিখুঁত হামলা চালাতে পারলেই তেহরানের কৌশলগত উদ্দেশ্য পূরণ হয়।
বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, ইরান বর্তমানে এমন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করছে, যেগুলো ভিন্ন ভিন্ন গতি ও পথ অনুসরণ করে লক্ষ্যবস্তুর দিকে এগোতে পারে। পাশাপাশি নকল লক্ষ্যবস্তু ও বিচ্ছিন্ন উৎক্ষেপণকেন্দ্র ব্যবহারের কারণে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি চাপে পড়ছে। ফলে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেলেও অল্প কয়েকটি হামলাও বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনতে সক্ষম হচ্ছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাতে ইরান সামরিক শক্তির সরাসরি প্রতিযোগিতায় না গিয়ে 'কম খরচে সর্বোচ্চ চাপ' তৈরির কৌশল অনুসরণ করছে। এই কৌশল যুক্তরাষ্ট্রকে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জের মুখে ফেলছে। তাই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো ওয়াশিংটনের জন্য অন্যতম বড় উদ্বেগের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com