
মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ ঈদুল ফিতরের সময় বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে বাধ্য হয়ে মসজিদ প্রাঙ্গণের বাইরে নামাজ আদায় করতে গেলে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়, শুক্রবার (২০ মার্চ) নামাজ আদায়ে বাধা দেয় ইসরাইলি বাহিনী। এ সময় মুসল্লিদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও বলপ্রয়োগ করা হয়।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পবিত্র মসজিদে প্রবেশ করতে পারেননি।
খবরে আরও বলা হয়, ১৯৬৭ সালের পর এই প্রথম আল-আকসা মসজিদে ঈদের নামাজে এমন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মসজিদে কেবল সীমিতসংখ্যক ওয়াকফ কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, ফলে বিশাল এই প্রাঙ্গণ প্রায় মুসল্লিশূন্য হয়ে পড়ে।
একই ধরনের পরিস্থিতি দেখা গেছে হেব্রনের ইব্রাহিমি মসজিদেও। সেখানে হাজার হাজার মুসল্লিকে প্রবেশ করতে দেওয়া হয়নি; কড়া নিরাপত্তার মধ্যে মাত্র অল্প কয়েকজনকে নামাজ আদায়ের সুযোগ দেওয়া হয়।
জেরুজালেম ও পশ্চিম তীরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, গ্রেপ্তার অভিযান ও টিয়ার গ্যাস ব্যবহারের কারণে বহু মুসল্লি রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হন।
পুরোনো জেরুজালেম শহরজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন ও ব্যারিকেড বসিয়ে চলাচল সীমিত করে দেওয়া হয়, ফলে ঈদের জামাতে অংশগ্রহণে মারাত্মক বিঘ্ন ঘটে।
সূত্র: আলজাজিরা, প্যালেস্টাইন ক্রনিকল।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com