
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দঘন উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই মাস আমাদের সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রোজার মাধ্যমে মানুষ আত্মসংযমী হতে শেখে এবং অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করাই ঈদের প্রকৃত তাৎপর্য।
প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান, ঈদের আনন্দ যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করা হয়। ধনী-গরিব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে তিনি একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে নেমে আসে এবং দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়, পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com