
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন। জনগণের সমর্থন পেলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে খাদ্যে স্বাবলম্বিতা অর্জন, বেকারদের কর্মসংস্থান এবং নারীদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তাই তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
দীর্ঘদিন পর বিরামপুরে এসে মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে আনন্দ প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, বহু বছর পর এই অঞ্চলের মানুষের কাছে আসতে পেরে কৃতজ্ঞ। অতীতে বিভিন্ন সময় শীত মৌসুমে উত্তরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর স্মৃতিও তুলে ধরেন তিনি।
নারীদের ক্ষমতায়নের বিষয়ে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি পরিবারের গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে তাঁদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা হবে।
কৃষি খাতের উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষিঋণ মওকুফের পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের বোঝা কমাতে উদ্যোগ নেওয়া হবে। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তুলে কর্মসংস্থান বাড়ানো হবে।
এ সময় তিনি বিরামপুরসহ দিনাজপুর অঞ্চলের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে—কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, আইটি পার্ক স্থাপন, স্বাস্থ্যসেবা জোরদার করা, মেডিক্যাল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা।
তারেক রহমান বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি নিরাপদ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চান তাঁরা—যেখানে মানুষ নিরাপদে চলাচল, ব্যবসা ও কাজ করতে পারবে এবং নারীরা সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবে।
বক্তব্য শেষে তিনি বিরামপুর ও আশপাশের আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং আগামী নির্বাচনে তাঁদের বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com