
চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মৃতিচিহ্ন ও আত্মত্যাগের দলিল সংরক্ষণের লক্ষ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘর বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
বুধবার সকালে প্রধানমন্ত্রী জাদুঘরের স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের সূচনা করেন। পরে সূরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় তিনি গণঅভ্যুত্থান-সংক্রান্ত সংরক্ষিত আলোকচিত্র, দলিল, স্মারক ও বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ইতিহাস সম্পর্কে অবহিত হন। তাঁর সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আন্দোলনের বিজয়গাঁথা তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে। বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে এতদিন এটি উদ্বোধন করা সম্ভব হয়নি। অবশেষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশত্যাগ করেন। পরবর্তীতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গণভবনে গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে এই জাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু হয়।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের দিন এটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত নিয়মে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com