
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলন কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়; এটি ছিল দেশের সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলন। জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ায় সেই আন্দোলন সফলতা পেয়েছে।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল। তাই এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করা সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রচেষ্টার ফল এটি।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীসহ গণতন্ত্রপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ধারাবাহিকভাবে মাঠে ছিল এবং কখনো জনগণকে একা ফেলে যায়নি।
দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন ও সংগ্রামের অধ্যায় পেরিয়ে এখন জাতীয় পুনর্গঠনের সময়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে বা ষড়যন্ত্রের মাধ্যমে অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে বলেও জানান তিনি।
আলোচনা সভায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com