
সৈয়দ মুজিবুর রহমান দুলাল\ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে যাবো। পুরো সংসদ ভবন ঘুরে দেখবো। সেখানে ক্যাফেটেরিয়ারে খাবার খাবো কখনো ভাবিনি! জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় সংসদে গেলাম। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের ক্রিসেন্ট লেকের সৌন্দর্য আমাকে বিমোহিত ও মুগ্ধ করেছে। এতো বৃহৎ ও সমৃদ্ধ লাইব্রেরি দেখে আমি অভিভূত। এই অভিজ্ঞতা আমি কখনো ভুলতে পারবো না। এভাবেই কথাগুলো বললেন, কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিগমাতুল আজিম জাহিন। জাতীয় সংসদ ভবন ঘুরে দেখে এসে অভিভাবক ও সহপাঠীদের তার অনুভূতির কথা জানালেন।
বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু বলে, জাতীয় সংসদ ভবন যে এতো সুন্দর, এতো দৃষ্টিনন্দন; আমার কল্পনাতেও ছিলো না। সংসদ ভবনে না গেলে বুঝতেই পারতাম না। সরাসরি দেখে আমি অত্যন্ত আনন্দিত, পুলকিত ও অনুপ্রাণিত হয়েছি।
গত বৃহস্পতিবার (২৫শে জুন) কুমিল্লার লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়-এর ৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রথমবারের মতো বাংলাদেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ লাভ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ পরিদর্শন শিক্ষার্থী-শিক্ষকদের জন্য এক স্মরণীয় ও আবেগঘন অভিজ্ঞতায় পরিণত হয়েছে।
জাতীয় সংসদ ভবনে পৌঁছে তারা প্রথমে এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ জাতীয় সংসদ ভবনে সরাসরি বাজেট অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। তাঁরা জাতীয় সংসদ ভবনে বসে এই বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামের আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক-শিক্ষার্থী এই সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে তারা সরাসরি বাজেট অধিবেশন, সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, মনোরম ক্রিসেন্ট লেক, জাতীয় সংসদের অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার (লাইব্রেরি) পরিদর্শন করেন। এ সময় শপথ কক্ষে আয়োজিত ব্রিফিং সেশনে সংসদ ভবনের স্থাপত্যশৈলী, ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে অবহিত হলে শিক্ষার্থীরা গভীর আগ্রহ ও উচ্ছ¡াস প্রকাশ করেন।
জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন দেখতে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও পরে বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম। তাঁরা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহŸান জানান।
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত “শুভেচ্ছা বিনিময়” অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম বলেন, আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীদের মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ করে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
তিনি বলেন, ‘আজকের শিশু, আগামীরদিনের ভবিষ্যত। এক সময় তারাই এদেশের নেতৃত্ব দিবে। সেজন্য তাদেরকে গণতন্ত্রের সঠিক চর্চা, দেশপ্রেমে জাগ্রত এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রকৃত জ্ঞান আহরণ করতে হবে। জানতে হবে সঠিক ইতিহাস। অর্জন করতে হবে মেধা ও দক্ষতা। এজন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
এ সময় বক্তব্য রাখেন, গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন বলেন, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার এই সুযোগ শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জাতীয় সংসদ ভবন শুধু একটি স্থাপনা নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের আশা-আকাঙ্খা এবং সাংবিধানিক চর্চার প্রতীক। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দিতে এ ধরনের শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
জাতীয় সংসদ ভবনে শিক্ষক-শিক্ষার্থীগণ সরাসরি বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে পেরে এবং জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামের আন্তরিক সহযোগিতা এবং উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত অভিভূত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামের আন্তরিক সহযোগিতায় এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেনের সার্বিক তত্ত¡াবধান ও সহায়তায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের ১২ জন শিক্ষক এবং ৩০ জন শিক্ষার্থী জাতীয় সংসদে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে পেরেছেন। তিনি বলেন, কুমিল্লার লাকসাম উপজেলা থেকে প্রথম কোনো প্রত্যন্ত অঞ্চলের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক-শিক্ষার্থী জাতীয় সংসদে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য গৌরব ও সৌভাগ্যের। তিনি আরো বলেন, জাতীয় সংসদ সদস্যের আন্তরিকতা এবং সহযোগিতা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনন্য দৃষ্টান্ত। এমনকি বিদ্যালয়ের ইতিহাসে এটি বিরল ঘটনা। তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জাতীয় সংসদ ভবনের ক্যাফেটেরিয়ারে শিক্ষক-শিক্ষার্থীগণ মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় অনেক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, জাতীয় সংসদ ভবন সম্পর্কে তারা এতদিন শুধু বই ও টেলিভিশনে জেনেছে; বাস্তবে এসে তা দেখার সুযোগ পাওয়া তাদের কাছে স্বপ্নপূরণের মতো। প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের সন্তানদের জন্য এই অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহŸান জানান।
জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে অবস্থান করায় শিক্ষার্থীরা তাঁকে দেখতে পায়নি। বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমানসহ মন্ত্রীপরিষদের এবং সংসদ সদস্যদের প্রায় সবাইকে সরাসরি দেখার সুযোগ পায় গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিধি দল। এটি বিদ্যালয়ের ইতিহাসে বিরল ও সবচেয়ে স্মরনীয় ঘটনা বলে প্রতিনিধিদল উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com