
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা আগের সময়ের তুলনায় এক ঘণ্টা কম।
ব্যাংকের লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টার মধ্যে। পাশাপাশি দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে, যা আজ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার ও জরুরি সেবার দোকান এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি জানান।
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামী তিন মাসের জন্য সরকারের ব্যয় কমাতে একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপও নেওয়া হয়েছে। এ সময় নতুন যানবাহন ও কম্পিউটার কেনা বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং বিদেশে প্রশিক্ষণ আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়া সভা-সেমিনারের ব্যয়, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে খরচ এবং ভ্রমণ ব্যয়ও উল্লেখযোগ্য হারে কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আলাদা নির্দেশনা রোববার জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় অনলাইন ও সশরীর ক্লাস মিলিয়ে নতুন পদ্ধতি চালুর চিন্তাভাবনা চলছে।
সরকার মনে করছে, এসব পদক্ষেপ জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com