প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ১১:০৪ এ.এম
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত অন্তত ১০

ভোর আনুমানিক ৫টার দিকে দিনাজপুরের বিরামপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি মোশারফ হোসেন বাবু (৫৮), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার বাসিন্দা খবির উদ্দিনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.