
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করেছে। পাশাপাশি কৃষক কার্ড বিতরণ এবং ইমাম, মোয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতার জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে।
আজ নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রতিষ্ঠানকে জিআর চাল, হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নান্দাইলেও কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী ৩০ জন হতদরিদ্রের মধ্যে ঢেউটিন, ১০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার এবং ১৫টি প্রতিষ্ঠানের মাঝে জিআর চাল বিতরণ করেন।
এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী, তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ এবং কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী পৌরসভার আমোদাবাদ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com