
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনের ওপর হামলার চেষ্টা করতে পারে। এ কারণে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের জারি করা এক জরুরি বার্তায় এসব নির্দেশনার কথা জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, পুলিশের ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে ডিউটির সময় চলমান যানবাহন এবং দায়িত্ব শেষে নির্ধারিত স্থানে রাখা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং পুরো সময়জুড়ে পুলিশ সদস্যদের নজরদারির আওতায় রাখতে হবে।
একই সঙ্গে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ নজরদারিহীন অবস্থায় কোনো সরকারি পুলিশ যানবাহন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জরুরি বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য পুলিশ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com