
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঢাকার কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেওয়া।
আইনমন্ত্রী জানান, সরকারের এ উদ্যোগে জার্মান সরকার অংশীদার হিসেবে যুক্ত রয়েছে এবং তাদের আর্থিক ও কারিগরি সহায়তায় সারা দেশে কার্যক্রমটি বাস্তবায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রমের সূচনা হয় ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। পরবর্তীতে তারেক রহমানের উদ্যোগে এ কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনা হয় এবং বর্তমান সংসদে লিগ্যাল এইড আইন পাস হয়েছে।
নতুন কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের পাশাপাশি রাজনৈতিক সহিংসতার শিকার ব্যক্তি, পঙ্গুত্ববরণকারী এবং মামলায় জর্জরিত নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবার, শহীদদের স্বজন ও আহতদের জন্যও আইনি সহায়তা নিশ্চিত করা হবে।
নারী ও শিশুদের সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিশেষ করে যৌন নির্যাতন ও হয়রানির শিকার হলেও যারা আর্থিক বা সামাজিক কারণে আইনি সহায়তা নিতে পারেন না, তাদের জন্য এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা চাই লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাক। এটি প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।’
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, এ উদ্যোগের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে, যাতে প্রান্তিক মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে প্রয়োজনীয় সহায়তা পেতে পারে।
অনুষ্ঠানে মোস্তাকিমা আক্তার ও হাওয়া বেগম নামের দুই নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ দেন আইনমন্ত্রী। পাশাপাশি বস্তিবাসীর বিভিন্ন সমস্যা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
শেষে তিনি এ কর্মসূচিতে সহযোগিতার জন্য জার্মান সরকারকে ধন্যবাদ জানান এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com