
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত কার্যকর করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ২১ আগস্ট থেকে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদানের ওপর আরোপিত স্থগিতাদেশ আর কার্যকর নেই। ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা এখন স্বাভাবিক নিয়মে অভিবাসী ভিসার আবেদন ও পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছিল। তালিকায় বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল, পাকিস্তানসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকরা অন্তর্ভুক্ত ছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, অভিবাসী ভিসা সংক্রান্ত নীতিমালা পর্যালোচনার সময় সাময়িকভাবে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এর অন্যতম উদ্দেশ্য ছিল, যুক্তরাষ্ট্রে নতুন করে যাওয়া অভিবাসীরা যেন নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর রাখতে পারেন এবং সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল না হন।
স্থগিতাদেশ বহাল থাকার সময়ও সংশ্লিষ্ট দেশের নাগরিকরা ভিসার আবেদন জমা দেওয়া ও সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তবে ভিসা ইস্যুর ক্ষেত্রে স্থগিতাদেশ কার্যকর ছিল।
গত ২১ আগস্ট ম্যানহাটান ডিস্ট্রিক্ট আদালত ট্রাম্প প্রশাসনের ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার নীতি বাতিল করে রায় দেন। বিচারক জ্যানেট ভার্গাস তাঁর রায়ে বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষিত নীতিটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় এবং বিদ্যমান অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
আদালত আরও উল্লেখ করেন, অভিবাসী ভিসা আবেদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের ক্ষমতার ওপর মার্কিন আইনে নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই নীতি গ্রহণের মাধ্যমে তাঁর আইনগত এখতিয়ার অতিক্রম করেছেন বলেও রায়ে উল্লেখ করা হয়।
আদালতের সিদ্ধান্তের পরই স্থগিতাদেশ প্রত্যাহারের পথ তৈরি হয়।
মার্কিন প্রশাসন অবশ্য স্থগিতাদেশ আরোপের সময় যুক্তি দিয়েছিল, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক সুবিধার ওপর তাদের নির্ভরতার আশঙ্কার কথাও তখন বলা হয়েছিল।
স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে বাংলাদেশসহ তালিকাভুক্ত ৭৫ দেশের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য স্বাভাবিক ভিসা প্রক্রিয়া আবার চালু হলো।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com