
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত কমিটির বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের কথা বলেছেন তিনি, যাতে আগ্রহী তরুণ-তরুণীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পেতে পারে।
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়ানোর উপায় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিদেশে কাজের জন্য যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, সে জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই
এছাড়া ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত দেশের বিমানবন্দরের মতো ফ্রি ওয়াইফাই চালুর জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকা-১৭ আসনে মন্দির সংস্কার উদ্যোগ
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনে একটি ভঙ্গুর মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় মহাখালী ক্যান্সার হাসপাতালের কাছে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ওই মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী শনিবার থেকে মন্দিরটির সংস্কার কাজ শুরু হবে। এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com