
দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনরত এক কলেজছাত্রী (১৭) ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ অনশন কর্মসূচিকে ঘিরে সন্ধ্যায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা ফিরোজ কবির (২৫)-এর সঙ্গে গত চার বছর ধরে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন ফিরোজ কবির। তবে সম্প্রতি বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই ছাত্রী বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশন কর্মসূচি শুরু করেন।
মঙ্গলবার সকাল থেকে কেশবপুর গ্রামে ফিরোজ কবিরের বাড়ির সামনে খড়ের পালার ওপর অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনড় থাকেন তিনি। ফিরোজ কবির একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী।
সন্ধ্যার দিকে ওই ছাত্রীর মা ও চাচা তাকে অনশনস্থল থেকে ফিরিয়ে নিতে গেলে এক পর্যায়ে ফিরোজ কবিরের পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অনশনরত ছাত্রীসহ তার মা ও চাচা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করছেন।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম সরকার বলেন, “বিষয়টি শুনেছি। ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন। রাতে ভুক্তভোগীর অভিভাবক থানায় অভিযোগ দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত আছি। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যকে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com