
রিয়াদ হোসেন\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিয়ামুড়ি হাজী শহিদ উল্লাহ বাড়ি থেকে হাতিয়ামুড়ি উত্তরপাড়া হয়ে মেল্লা উচ্চবিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় রয়েছে। সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে কোথাও ইট-খোয়া উঠে গিয়ে কাদামাটিতে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শুকনো মৌসুমে ধুলাবালুর কারণে দুর্ভোগ আরো বেড়ে যায়।
এই সড়কের পাশেই রয়েছে একটি হাফিজিয়া নূরানী মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি এতিমখানা এবং মেল্লা উচ্চ বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও শিক্ষক এই পথ ব্যবহার করেন। স্থানীয়দের দাবি, বর্ষাকালে শিক্ষার্থীদের অনেকেই কাদার কারণে স্কুলে যেতে হিমশিম খায়। রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেয়া এবং জরুরি প্রয়োজনে চলাচলেও নিয়মিত সমস্যার সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি পাকাকরণের জন্য আগে টেন্ডার হওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কাজ বাস্তবায়িত হয়নি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
এই সড়কটি শুধু একটি গ্রামের নয়; আশপাশের কয়েকটি গ্রামের মানুষেরও গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। তাই দ্রæত সড়কটি পাকাকরণ করা হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করেন। সড়কের বর্তমান অবস্থা দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবের ইঙ্গিত দেয়। তবে সড়কটি কেন এখনো পাকাকরণ হয়নি, টেন্ডারের অগ্রগতি কী এবং ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে- এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের একটাই দাবি দ্রæত প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সড়কটি পাকাকরণ করা হোক, যাতে প্রতিদিনের দুর্ভোগ থেকে মুক্তি পায় হাজারো মানুষ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com