
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত ও প্রাণহানির বহু ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে রক্তপাতহীন নির্বাচন আয়োজন করাই এখন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণসংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অতীতের নির্বাচনগুলোর দিকে তাকালে সংঘাত ও প্রাণহানির উদ্বেগজনক চিত্র দেখা যায়। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্য বলছে, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হয়েছিলেন। এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণ হারান ১১৬ জন।
নির্বাচনের ব্যাপকতা তুলে ধরে সিইসি জানান, দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন এবং প্রায় ৩৩০টি পৌরসভার নির্বাচন আয়োজন করতে হবে। এসব নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সর্বাত্মক চেষ্টা চালাবে বলেও তিনি জানান।
ঋণখেলাপিদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে করা এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না। তবে নির্বাচন কমিশন এ ক্ষেত্রে ‘চেরি পিক’ বা বাছাই করে সিদ্ধান্ত নেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান কর্মশালার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোথায় উন্নতির সুযোগ রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে। কারণ, একটি নির্বাচন কমিশন সাধারণত একটি জাতীয় নির্বাচন আয়োজন করেই দায়িত্ব শেষ করে। তাই ভবিষ্যৎ কমিশনের জন্য অভিজ্ঞতা ও শিক্ষা রেখে যেতে চায় বর্তমান কমিশন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com