আগামীকাল শনিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ৩০ দিন সিয়াম সাধনার পর দেশজুড়ে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপনে প্রস্তুত মুসলমানরা।
বৃহস্পতিবার দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সিদ্ধান্ত অনুযায়ী শনিবারই ঈদুল ফিতর পালিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন বলে জানা গেছে। একইসঙ্গে সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজধানীতে ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহসহ আশপাশের এলাকায় সিসি ক্যামেরা নজরদারি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড ও পুলিশের বিশেষ টহল থাকবে। মুসল্লিদের জন্য পৃথক প্রবেশপথ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আগারগাঁওয়ে কেন্দ্রীয় ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত।
দেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, যেখানে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যে দেশে টানা ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা এবং বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা টিকিটে বিভিন্ন বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।
ঈদের এই আনন্দঘন দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একসঙ্গে মিলিত হয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com