
ষ্টাফ রিপোর্টার॥ সড়ক ও জনপথ বিভাগের সতর্কীকরণ সাইনবোর্ড লাগানোর পরেও কুমিল্লা জেলার লাকসামে সড়ক বিভাগের কোটি টাকা মূল্যর প্রায় ৩৬ শতক জায়গা বালি দিয়ে ভরাট করে অবৈধ ভাবে দখল করে নিয়েছেন ভূমি দস্যুরা।
লাকসাম-মুদাফফরগঞ্জ সড়কের পার্শ্ববর্তী লাকসাম পৌরসভার মিশ্রী এলাকায় গত বৃহস্পতিবার রাতে সড়ক বিভাগের এ জায়গা দখলের ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে এটিকে সড়ক বিভাগ তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে এতে জনসাধারণের প্রবেশ নিষেধ এমন একটি সাইনবোর্ড লাগানোর পরেও গত ৩০শে জুলাই বৃহস্পতিবার রাতে আবারও সেখানে বালি ভরাট করেছেন ভূমি দস্যুরা।
সরেজমিনে ঘুরে ও স্থানীয় একাধিক সূত্রেও জানা গেছে যে, সড়কের পাশে মিশ্রী গ্রামের আবুল হোসেন আবুল অধিগ্রহণকৃত ৩৬ শতক জায়গায় বালি দিয়ে ভরাট করেছেন। এদিকে বালি দিয়ে ভরাটের বিষয়ে আবুল হোসেন আবুল জানান, সড়ক বিভাগের অধিগ্রহণের জায়গার পাশাপাশি এখানে ব্যক্তিগত ১৯ শতক জায়গাসহ মোট ৫৫ শতক জায়গা তিনি ভোগ দখল করতেন। কিন্তু ব্যাংক ঋণের কারণে এ জায়গাটি ভূমি ব্যবসায়ীদের কাছে তিনি বিক্রি করে দিয়েছেন। তাই তারা অধিগ্রহনকৃত জায়গাসহ পুরো জায়গাটি মাটি ভরাট করে প্লট হিসেবে বিক্রির উপযোগী করে তুলছেন।
ওদিকে, সড়ক বিভাগ সূত্রে জানা যায়, কুমিল্লা - চাঁদপুর ও নোয়াখালী সড়কের মাঝামাঝি প্রায় ৮ কিলোমিটার দূরত্বের লাকসাম-মুদাফফরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের অবস্থান। এ কানেক্টিং সড়ক দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের শত শত যানবাহন চলাচল করে থাকে। এ সড়কটিতে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সড়কটি সম্প্রসারণের জন্য এর দুই পাশে প্রায় ৮০ ফুট জায়গা করে অধিগ্রহন করা হয়েছে সড়ক বিভাগ কর্তৃক। এছাড়াও এ সড়কের পাশে আছে পানি নিষ্কাশনের জলাধার। যা ডাকাতিয়া নদীর সাথে সংযোগ রয়েছে। অথচ, অবৈধভাবে মাটি ভরাটের কারণে বন্ধ হয়ে পড়েছে জলাধারটি। যার ফলে বন্ধ হয়ে পড়েছে পানি নিস্কাশনের পথ। এতে লাকসাম পৌরসভা এলাকা ছাড়াও পার্শ্ববর্তী লালমাই উপজেলাসহ এ অঞ্চলে সৃষ্টি হবে মারাত্মক জলাবদ্ধতা। যার ফলে আরো ক্ষয় ক্ষতি হবে ফসলি মাঠের চাষাবাদের ক্ষেত্রেও।
এভাবে সরকারি জায়গা দখলের বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাটি সড়ক বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী অবহিত করলে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নাহার লাইলী জানান, ঘটনাস্থল থেকে পুলিশ জায়গাটা দখল করার জন্য মওজুদকৃত বেশ কিছু বাঁশ জব্দ করেছেন এবং বেড়াটি ভাঙচুর করে দিয়েছেন।
এ প্রসঙ্গে কুমিল্লা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, অজ্ঞাতনামাদের আসামি করে এ ব্যাপারে লাকসাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে ভূমি দস্যুদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা অব্যাহত রয়েছে। Ref: fb/ Nasir Uddin Chowdhury
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com