
মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ। এই গৌরবময় সাফল্য উদ্যাপন করতে চ্যাম্পিয়ন দলকে আজ সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে দলটিকে একটি বিশেষ ছাদখোলা বাসে করে রাজধানীতে আনা হবে। সাধারণ মানুষের সঙ্গে এই অর্জনের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সেখানে রাত ৭টা ৩০ মিনিটে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে বাফুফে কর্মকর্তাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানাবেন।
এই আয়োজনকে আরও উৎসবমুখর করতে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে।
বাংলাদেশে ছাদখোলা বাসে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়ার সংস্কৃতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর আগে গত বছরের জুলাইয়ে নারী ফুটবল দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার পর একইভাবে সংবর্ধনা পেয়েছিল। এছাড়া গত জানুয়ারিতে থাইল্যান্ডে সাফ নারী ফুটসালের শিরোপা জয়ের পর সাবিনা ও কৃষ্ণাদেরও একইভাবে বরণ করে নেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com