
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১৩২টি ফ্লাইটে মোট ৫১ হাজার ৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত ১৩২টি হজ ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুই নারীসহ মোট ১২ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
এছাড়া সৌদি মেডিকেল টিম সরাসরি ২২ হাজার ৯৯৮ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ১৪ হাজার ৮৬৯ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।
পরিচালক আরও জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনা করছে মোট ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্যে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইটে ২৪ হাজার ৬৩৭ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮৮ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
অবশিষ্ট ২৬ হাজার ৭৯২ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যাবেন বলেও জানান তিনি।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের তথ্যমতে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৭৩টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯১৯টি ভিসা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com