
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পেশাদার সাংবাদিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। নিজেদের পেশাগত স্বার্থ রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাংবাদিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সংঘটিত সহিংসতার বিচার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাংবাদিকদের ন্যায্য দাবি আদায় এবং তাঁদের কল্যাণে পেশাদার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাক্ষাৎকালে ডিআরইউ প্রতিনিধিদল সংগঠনের কার্যক্রম, সদস্যদের কল্যাণে পরিচালিত বিভিন্ন উদ্যোগ এবং পেশাগত উন্নয়নে নেওয়া কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাঁরা রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা ডিআরইউ আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিজের অংশগ্রহণের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ডিআরইউর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।