
নিজস্ব প্রতিনিধি\ বিলাসবহুল প্রাডো গাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ফয়সাল হোসেন (২৫) ও আমান উল্লাহ (৩৫) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার (১৭ই আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়।
আটক ফয়সাল হোসেন ও আমান উল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। আমান উল্লাহ ওই গাড়ির চালক ছিলেন।
ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি গণমাধ্যমকে বলেন, প্রায় ৩ লাখ পিস ইয়াবাসহ একটি প্রাডো গাড়ি জব্দ করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা হতে পারে। পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে বিপুল পরিমাণ ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com