
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে নয়জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁদের মধ্যে দুই নারীসহ তিনজনকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বাকি ছয়জন সীমান্ত এলাকা থেকে পালিয়ে যাওয়ায় তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সুযোগে সীমান্ত দিয়ে ভারত থেকে নয়জন নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেন। তাঁদের মধ্যে দুই নারী ও এক পুরুষ একটি বিয়েবাড়িতে আশ্রয় নেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা বিজিবিকে খবর দেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা খিয়ারমামুদপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করেন। এ সময় মিজানুর রহমান বাড়ি থেকে পালিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত দিয়ে আসা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল ইসলাম নামের এক যুবককে বিজিবির এক সদস্য মারধর করেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী বলেন, ভারত থেকে আসা নয়জনের মধ্যে ছয়জনকে স্থানীয় আজিজুল ও মিজানুরের সহযোগিতায় পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। পরে মিজানুরের বাড়ি থেকে তিনজনকে আটক করে বিজিবি। তাঁর দাবি, আজিজুলকে মারধর করা হলেও তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিএসএফ দুই নারী ও এক পুরুষকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করেছিল। বিজিবি তাঁদের আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে।
ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, বিএসএফের মাধ্যমে বাংলাদেশে আসা দুই নারী ও একজন পুরুষকে তাঁরা ফেরত পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রের দাবি, ফেরত পাঠানো তিনজন সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলার থেকে প্রায় ৫০০ গজ দূরে ভারতের শ্রীরামপুর গ্রামের একটি বাড়িতে অবস্থান করছেন।
খিয়ারমামুদপুর সীমান্তে পুশইনের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২৫ জুলাই একই সীমান্ত দিয়ে ভারতের গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে আসা নয় নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ। এ নিয়ে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com