
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লাকসামে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে উপজেলার ৩৮টি পূজামন্ডপে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। প্রতিমায় তুলির শেষ আঁচড় দিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মৃৎশিল্পীরা।
আগামী ১৬ই অক্টোবর থেকে শুরু হচ্ছে দূর্গাপূজা। এ বছর দেবীর আগমন দোলনায় এবং গমন নৌকায় হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি।
লাকসাম পৌর শহরের সদর কালীবাড়ি, উত্তর বাজার বণিক্য বাড়ি, জগন্নাথ দেবালয়, দক্ষিণ লাকসামের নিরঞ্জন বণিকের বাড়ি ও পশ্চিমগাঁও সাহাপাড়াসহ বিভিন্ন পূজামন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। পারিবারিক ও সর্বজনীন পূজামন্ডপের পাশাপাশি ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনের জন্যও তৈরি হচ্ছে নানা নকশার প্রতিমা। আধুনিক ও নান্দনিক প্রতিমা তৈরিতে ব্যয় বেড়েছে প্রতীমা তৈরিতে।
শরীয়তপুর, চাঁদপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মৃৎশিল্পীরা জানান, শ্রাবণ মাস থেকে চুক্তিভিত্তিক প্রতিমা তৈরির কাজ শুরু হয়। একটি প্রতিমা তৈরি করতে প্রায় সাড়ে তিন মাস পর্যন্ত সময় লাগে। বাঁশ, কাঠ, খড়, পাট, রশি ও মাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। রোদে মাটি শুকানোর পর এখন চলছে রং ও অলঙ্করণের কাজ।
কারিগররা জানান, ছোট আকৃতির প্রতিমা তৈরিতে ৫০০ থেকে ১ হাজার টাকা এবং বড় প্রতিমার ক্ষেত্রে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মজুরি নেয়া হয়। দীর্ঘ ৩৫ বছর ধরে বংশপরম্পরায় এ পেশার সঙ্গে যুক্ত রয়েছেন অনেক মৃৎশিল্পী।
এদিকে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘেœ সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পৌরসভা ও থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রণজিৎ সাহা টাবলু বলেন, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠাই দুর্গোৎসবের মূল দর্শন। সর্বজনীন এ মিলনমেলায় সব সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে আমরা প্রতিবছর উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করি। এ অঞ্চলের মানুষ অসাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার বন্ধনে আবদ্ধ।
কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; এটি আমাদের সংস্কৃতির এক অপার মিলনমেলা। অশুভ শক্তিকে পরাভূত করে শুভ শক্তির প্রতিষ্ঠা এবং হিংসা, বিদ্বেষ ও অহংকারকে বিসর্জন দিয়ে মানবতা ও ভ্রাতৃত্বের চর্চাই এ উৎসবের মূল বার্তা। ধর্ম যার যার, কিন্তু আনন্দ ও সম্প্রীতি সবার। আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক বন্ধন ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে- এটাই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com