
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের চারটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে তিনটি বেসরকারি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন অবস্থানে স্থান পেয়েছে। এর বাইরে র্যাঙ্কিংয়ে অংশ নেওয়া আরও ১০টি বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় মূল তালিকায় স্থান পায়নি। ফলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭ থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, গবেষণার পরিবেশ ও গবেষণার প্রভাব, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং শিল্পখাতের সঙ্গে সংযোগসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ র্যাঙ্কিং করা হয়েছে। এবার ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় মূল্যায়নের আওতায় ছিল।
র্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে যৌথভাবে বাংলাদেশের শীর্ষ অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এ চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবলিক এবং অন্য তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের আরও আটটি বিশ্ববিদ্যালয় ১০০১ থেকে ১২০০ র্যাঙ্কের মধ্যে রয়েছে। এগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২০১ থেকে ১৪০০ র্যাঙ্কের মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
এ ছাড়া ১৪০১ থেকে ১৬০০ র্যাঙ্কের মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১৮০১ থেকে ২০০০ র্যাঙ্কের মধ্যে স্থান পেয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে অংশ নিলেও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় মূল তালিকায় স্থান পায়নি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com