
পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে আঘাত পেয়ে মারা গেছেন ছোট ভাই। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন (৩৮) কৃষ্টচাঁদপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক একটি বিষয় নিয়ে মুকুলের সঙ্গে তার বড় ভাই এটিএম শামসুজ্জামানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এ সময় শামসুজ্জামানের লাঠি বা শক্ত কোনো বস্তুর আঘাতে মুকুল গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা মুকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ঘটনার পর অভিযুক্ত এটিএম শামসুজ্জামান পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বাড়ি থেকে চলে যান। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com