
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আজ শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। এর অংশ হিসেবে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য দুটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির ১৫টি জেলা থেকে অপরাধমূলক রেকর্ড রয়েছে, এমন আনুমানিক ৩০ থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিক্ষোভে লোকসমাগম ঘটাতে পারেন বা সাধারণ মানুষকে অংশ নিতে উৎসাহিত করতে পারেন—এমন কয়েকজনের গতিবিধির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
বিক্ষোভস্থলে বড় দল নিয়ে মানুষের প্রবেশ সীমিত করতে একাধিক মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার দিল্লির ৪৫টি মেট্রো স্টেশনে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে বন্ধের তালিকায় না থাকা স্টেশনগুলোয় মেট্রো পরিষেবা চালু রয়েছে। যাত্রীদের প্রয়োজন অনুযায়ী বিকল্প স্টেশন ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে যানজট ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা বিবেচনা করে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে ভোর ৪টা থেকে বেলা ২টা পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে ওই স্টেশনগুলো থেকে ছাড়ার কথা থাকা মেইল ও এক্সপ্রেস ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়েছে।
ট্রেনের টিকিট বাতিল হওয়া যাত্রীরা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশনের (আইআরসিটিসি) ওয়েবসাইটের মাধ্যমে প্রযোজ্য নিয়মে অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। বিকল্প হিসেবে পুরোনো দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল ও দিল্লি সরাই রোহিল্লা স্টেশন ব্যবহারের সুযোগ রয়েছে। তবে যাত্রার আগে ট্রেনের সর্বশেষ অবস্থা যাচাই করা জরুরি।
নির্ধারিত বিধিনিষেধের বাইরে থাকা দিল্লি মেট্রোর স্টেশনগুলোয় পরিষেবা স্বাভাবিক রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীরা কাছাকাছি চালু স্টেশন ব্যবহার করে বাস, ট্যাক্সি কিংবা অটোরিকশায় গন্তব্যে যেতে পারবেন।
এ ছাড়া সরাই কালে খাঁ ও নিউ অশোক নগর নমো ভারত স্টেশন দুটি ৯ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আনন্দ বিহার থেকে উত্তর প্রদেশের মোদিপুরাম পর্যন্ত নমো ভারত ট্রেন পরিষেবা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকার কথা রয়েছে।
নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি দিল্লিতে মদ বিক্রির ক্ষেত্রেও সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে। আবগারি দপ্তরের ঘোষণা অনুযায়ী, ৯ ও ১০ অক্টোবর খুচরা মদের দোকানগুলো বন্ধ থাকবে। বিপণিবিতানসহ নির্দিষ্ট কিছু বিক্রয়কেন্দ্রেও মদ বিক্রি করা যাবে না।
তবে লাইসেন্সধারী রেস্তোরাঁ, বার ও ক্লাবে প্রচলিত নিয়ম অনুযায়ী মদ পরিবেশন চালু রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিক্ষোভের কারণে দিল্লির কেন্দ্রীয় এলাকায় যানজট ও যাতায়াতে বিলম্ব হতে পারে। তাই যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়া, বিকল্প পরিবহন ব্যবস্থার খোঁজ রাখা এবং যাত্রার আগে মেট্রো ও ট্রেনের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
মেট্রো পরিষেবা পুনরায় চালু হওয়া এবং অন্যান্য বিধিনিষেধের হালনাগাদ তথ্যের জন্য দিল্লি মেট্রোরেল করপোরেশন (ডিএমআরসি) ও ভারতীয় রেলের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম অনুসরণ করা যেতে পারে।
নিউজ ক্যাটাগরি: আন্তর্জাতিক | ভারত
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com