
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি পাঠদানের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, শুধু দৃষ্টিনন্দন ভবন নির্মাণ ও সুযোগ-সুবিধা বাড়ালেই হবে না, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত অবকাঠামো, বিনামূল্যে বই, শিক্ষার্থীদের পোশাক, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। শিক্ষকদের বেতন-ভাতাও তুলনামূলক ভালো। এরপরও শিক্ষার্থীদের পড়াশোনার মান প্রত্যাশা অনুযায়ী না হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও যত্নশীল হওয়া প্রয়োজন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অনুষ্ঠানে আসার পথে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয় পরিদর্শন করেছেন। জরাজীর্ণ ভবন ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলাফল ভালো। সেখানে শিক্ষার্থীদের মাসিক বেতন মাত্র ৩০০ টাকা এবং শিক্ষকদের বেতনও সন্তোষজনক নয়।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুলনামূলক বেশি সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও প্রত্যাশিত শিক্ষার মান অর্জিত না হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে আগে দেওয়া ২২ দফা নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। সময়ের সঙ্গে শিক্ষাদান পদ্ধতি ও চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। কোনো শিক্ষার্থী যেন মানসম্মত শিক্ষার অভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যেতে বাধ্য না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।
বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশ পাবে। একই সঙ্গে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষ সেখানে নিরাপদ আশ্রয় নিতে পারবেন।
অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. ইনছাফুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com