
নিজস্ব প্রতিবেদক: জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির ঢাকার দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চালু হবে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’।
নতুন এই পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে ভিসার আবেদন পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন। এতে দূতাবাসে সরাসরি যাওয়ার আগেই আবেদনসংক্রান্ত বেশির ভাগ প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।
আগের পদ্ধতিতে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন ব্যবস্থায় সেই ভোগান্তি কমানোর পাশাপাশি আবেদনপ্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্য নিয়েছে জার্মানি।
এ ছাড়া ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্র প্রাথমিক যাচাইয়ের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে।
আগের অপেক্ষমাণ তালিকায় থাকলেও নতুন আবেদন করতে হবে
নতুন ব্যবস্থা চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে জার্মান দূতাবাস। আগের পদ্ধতিতে যারা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাঁদেরও নতুন করে ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে হবে। পুরোনো নিবন্ধন নতুন ব্যবস্থায় বহাল থাকবে না।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিসা আবেদনপ্রক্রিয়ার আধুনিকায়ন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যেভাবে আবেদন করবেন
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। অনলাইন আবেদন, প্রয়োজনীয় নথি জমা এবং পরবর্তী নির্দেশনা পাওয়া যাবে পোর্টালটিতে।
আবেদনের বিস্তারিত তথ্য ও নির্দেশনার জন্য শিক্ষার্থীরা জার্মানির ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ভিজিট করতে পারেন: https://digital.diplo.de/
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com