
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পদ্ধতি চালুর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সরকারি সিদ্ধান্ত বহাল থাকছে।
আজ রোববার (১৫ নভেম্বর) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত কার্যকর থাকবে।
চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক স্মারকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
সরকারের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর হাইকোর্টে রিট করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। রিটে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল।
রিট আবেদনকারীর আইনজীবী জাহিদুর রহমান তালুকদার জানান, সরকারের নীতিমালা প্রণয়নের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চাননি। এ কারণে রিটটি খারিজ করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে আবেদনকারীর সঙ্গে আলোচনা করা হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে দেশের সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এরপর কয়েক বছর ধরে এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তবে নতুন শিক্ষাবর্ষ ২০২৭ থেকে আবারও প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ভর্তির ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com