
তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দেশজুড়ে বিনা মূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। দুই মাসের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কোনো ফি ছাড়াই প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। আবেদন করতে পারবেন এইচএসসি বা সমমান পাস ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এআইভিত্তিক মৌলিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা ও পদ্ধতি
আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে। কম্পিউটার, আইসিটি এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকা প্রার্থীরা নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে www.dydaiproject.com/apply ওয়েবসাইটে।
আবেদন জমা দেওয়ার পর ফরমের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
নির্বাচন ও ভর্তির সময়সূচি
প্রশিক্ষণে যেসব সুবিধা
এ প্রশিক্ষণে অংশ নিতে কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। নির্ধারিত শর্ত পূরণ করে সফলভাবে প্রশিক্ষণ শেষকারীদের সনদ দেওয়া হবে।
বিভাগভিত্তিক প্রশিক্ষণ আয়োজন
দেশের আট বিভাগের ৬৪ জেলায় চারটি প্যাকেজের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭ জেলায় প্রথম প্যাকেজের দায়িত্বে রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় দ্বিতীয় প্যাকেজের আওতায় প্রশিক্ষণ পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ।
বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলায় তৃতীয় প্যাকেজের দায়িত্বে রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলায় চতুর্থ প্যাকেজের আওতায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগ।
আগ্রহী এইচএসসি উত্তীর্ণ তরুণ-তরুণীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com