
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু ইংরেজি ‘ওয়াই’ (Y) অক্ষরের আদলে নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এতে মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলা সরাসরি যুক্ত হবে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় পদ্মা সেতুর একটি অংশ মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং অন্য অংশ দৌলতদিয়া থেকে পাবনার কাজিরহাট পর্যন্ত বিস্তৃত হতে পারে। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাশাপাশি পাবনা অঞ্চলের মানুষের যোগাযোগেও নতুন সুযোগ তৈরি হবে।
সেতু বিভাগ বলছে, এই সেতু নির্মিত হলে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে রাজধানীর বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের মানুষ বেশি উপকৃত হবেন। নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও যশোরের কিছু এলাকার যোগাযোগেও সুবিধা হবে।
যমুনায় দ্বিতীয় সেতু কোথায় হতে পারে
অন্যদিকে, উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনাও নিয়েছে সরকার। বর্তমানে ১৯৯৮ সালে চালু হওয়া যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৫ হাজার যানবাহন চলাচল করে। যানবাহনের চাপ বাড়ায় বিশেষ করে ছুটির আগে-পরে ও সপ্তাহের শুরুতে সেতু এলাকায় যানজট দেখা দেয়।
দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্য অবস্থান হিসেবে কয়েকটি পথ বিবেচনায় রয়েছে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট এবং জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি—এই দুটি পথ বেশি আলোচনায় রয়েছে। এ ছাড়া কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীর মধ্যেও সেতু নির্মাণের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে উদ্যোগ
বিএনপির নির্বাচনী ইশতেহারে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রতিশ্রুতি ছিল। গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়।
সেতু বিভাগের সচিব আবদুর রউফ জানিয়েছেন, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তবে দ্বিতীয় পদ্মা সেতুর ওয়াই আকৃতির নকশা ও অবস্থানসহ বিভিন্ন বিষয় এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হবে।
কবে জানা যাবে চূড়ান্ত নকশা ও ব্যয়
দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অর্থায়নে ১৮ কোটি ৫৯ লাখ টাকার চুক্তিতে দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠানের সমন্বয়ে এই সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সমীক্ষা শেষে সেতুর চূড়ান্ত অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় নির্ধারণ করা হবে। এরপর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু দেশের যোগাযোগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সেতু দুটির অবস্থান ও নকশা নির্ধারণের ক্ষেত্রে সর্বাধিক মানুষের উপকার এবং আশপাশের সেতু ও পদ্মা ব্যারাজের সঙ্গে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com