
দেশে আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
সোমবার (১৭ নভেম্বর) ইসির ১৪তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন পরিষদ রাখার বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, এ ধাপে ইচ্ছাকৃতভাবে নির্বাচনের সংখ্যা কম রাখা হয়েছে। এর ফলে আইনি জটিলতা বা অন্যান্য কারণে আটকে থাকা ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে যেগুলো নির্বাচনের উপযোগী হবে, সেগুলোও শেষ ধাপে যুক্ত করার সুযোগ থাকবে।
কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোট অনুষ্ঠিত হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশের আশা প্রকাশ করেন তিনি। তালিকা প্রকাশিত হলে ভোটাররা নিজ নিজ এলাকার নির্বাচনের তারিখ ও ধাপ সম্পর্কে জানতে পারবেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
ইউপি নির্বাচন আয়োজনের আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান সানাউল্লাহ।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছিল, ইউপি নির্বাচন সামনে রেখেও একই পদ্ধতিতে সংলাপ হবে। রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের ক্রমিক নম্বর অনুযায়ী তিন দিনে ভাগ করে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
সংলাপে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
জানুয়ারিতে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা রাজনৈতিক কর্মসূচির কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, তাঁর ধারণা, এসব কারণে স্থানীয় সরকার নির্বাচন বাধাগ্রস্ত হবে না। বরং কিছু ক্ষেত্রে নির্বাচন আয়োজনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও হতে পারে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com