
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল বাংলাদেশ। তবে এই সরবরাহ এখনই বাণিজ্যিক উৎপাদনের সূচনা নয়। বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, পরিচালনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় পরীক্ষা করতেই আপাতত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।
পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটি সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে।
চলবে কয়েক মাসের পরীক্ষামূলক কার্যক্রম
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা একবারে পূর্ণমাত্রায় নেওয়া হবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা ও নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে।
পরীক্ষার অংশ হিসেবে পারমাণবিক চুল্লি, টারবাইন, জেনারেটর এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। প্রয়োজনে বিভিন্ন সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমানো-বাড়ানো কিংবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ কারণে পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা সম্ভব নাও হতে পারে। উৎপাদনের এই ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (পিডিবি) পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
পূর্ণ উৎপাদনের আগে প্রয়োজন অনুমোদন
প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। পরীক্ষার ফলাফল ও সংশ্লিষ্ট প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর অনুমোদন সাপেক্ষে উৎপাদন বাড়ানোর পরবর্তী কার্যক্রম শুরু হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে।
১ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রকল্প
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির আওতায় ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। কাজ বাস্তবায়ন করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
প্রকল্পটির বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে মোট ব্যয় দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির কারণে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে।
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের এই সূচনা দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com