
ব্রেন টিউমার থেকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় বর্তমানে অনেকটাই ভালো আছেন তিনি। সম্প্রতি লন্ডনে মেয়ের বাসায় তাঁর সঙ্গে দেখা করে এ সুখবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন রোজিনা। সেখানে তিনি জানান, অসুস্থ এই অভিনেতার সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন। একসঙ্গে খাওয়া-দাওয়াও করেছেন তাঁরা।
ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর জানিয়ে রোজিনা লেখেন, আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। শিগগিরই দেশে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল মাসে তাঁর ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর লন্ডনে চিকিৎসা শুরু হয়। একই বছরের আগস্টে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় সেটি ব্রেন ক্যানসার হিসেবে শনাক্ত হয়।
অস্ত্রোপচারের পর শুরু হয় কেমোথেরাপি ও ওরাল থেরাপি। দীর্ঘ ও জটিল চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। চিকিৎসার একপর্যায়ে গত ৩ আগস্ট দেশে ফিরে পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান তিনি। ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যান।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের সংগঠক হিসেবেও পরিচিত। তাঁর অসুস্থতার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতির খবরে তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com