
জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাঁকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান।
শুটিং ইউনিট সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলকক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপনচিত্র দিয়ে অভিনয়ে যাত্রা
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় অভিষেক ঘটে সোহেল খানের। এরপর ফারুকীর জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে পরিচিতি পান তিনি। ২০০৭ সালে প্রচারিত ওই ধারাবাহিকে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।
দীর্ঘ অভিনয়জীবনে একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’।
চলচ্চিত্রেও ছিল তাঁর উপস্থিতি। হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’ ও ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় গ্যারেজের মালিক চরিত্রে দেখা যায় তাঁকে।
ঢাকার ধামরাইয়ের রাজাপুরে তাঁর গ্রামের বাড়ি। অভিনয়ের পাশাপাশি সংস্কৃতিচর্চার প্রসারেও আগ্রহ ছিল সোহেল খানের। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার স্বপ্ন দেখতেন এই অভিনেতা।
তাঁর মৃত্যুতে দেশের অভিনয়জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com