
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে জনপ্রিয় গায়িকা পারাস্তো আহমাদি ও তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি এবং প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের অভিযোগে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ইমতেদাদে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বেত্রাঘাতের পাশাপাশি গায়িকা ও তাঁর দলের সদস্যদের ওপর আরও দুটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী দুই বছর তাঁরা কোনো ধরনের শৈল্পিক বা সংগীতসংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সময়ে তাঁদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা থাকবে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পর এই মামলা করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে হিজাব ছাড়াই গান পরিবেশন করছেন পারাস্তো আহমাদি।
ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। দেশটির পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন সময় নারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গায়িকা ও তাঁর দলের সদস্যদের শাস্তির বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ইরানি কর্তৃপক্ষের মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
এদিকে বেত্রাঘাতের মতো শারীরিক শাস্তিকে নির্যাতন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে সমালোচনা করে আসছে পশ্চিমা দেশগুলো এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা। তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান।
২০২২ সালে কুর্দি-ইরানি তরুণী মাসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ঠিকমতো হিজাব না পরার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার পর নারীদের পোশাকবিধি নিয়ে দেশজুড়ে প্রতিবাদ জোরালো হয়।
বর্তমানে তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় অনেক নারী হিজাব পরার বাধ্যবাধকতা অমান্য করছেন। একই সঙ্গে এই নিয়ম কার্যকরে কর্তৃপক্ষের কঠোরতাও আগের তুলনায় কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com