
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত বউবাজার এখন ক্রেতাদের কাছে বেশ পরিচিত একটি নাম। টাটকা শাকসবজি, দেশি ফলমূল, গ্রামীণ পরিবেশের মাছ এবং বাহারি পিঠাপুলির সমাহারে বাজারটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনায় এসেছে। প্রতিদিন বিকেলে এখানে ভিড় করছেন নানা বয়সী ক্রেতা।
উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন থেকে কয়েক মিনিটের হাঁটাপথে এই বাজারের অবস্থান। তবে বউবাজারের জনপ্রিয়তার পেছনে শুধু সহজ যাতায়াত নয়, রয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য ও দেশি খাবারের আকর্ষণ।
স্থানীয় বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ বছর আগে আশপাশের গ্রামের নারীরা বিকেলে ঝুড়িতে করে শাকসবজি নিয়ে এখানে বিক্রি করতে আসতেন। নারীদের উপস্থিতি থেকেই বাজারটির নাম হয় বউবাজার। সময়ের সঙ্গে বাজারের পরিধি বেড়েছে। বর্তমানে এখানে নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতার সংখ্যাও বেশি।
বউবাজারের অন্যতম আকর্ষণ নানা ধরনের দেশি শাকসবজি। চুকুর পাতা, শজনেপাতা, ধনেপাতা, কচুর লতি, কলার মোচা, কুমড়ার ফুল, বকফুলসহ মৌসুমি বিভিন্ন সবজি পাওয়া যায় এখানে।
শীতের সবজির পাশাপাশি রয়েছে নানা জাতের ফল। আমলকী, জলপাই, দেশি পেয়ারা, পাকা পেঁপে, করমচা, শরিফা, চালতা, বেল ও কতবেলের মতো ফলও বিক্রি হচ্ছে।
দেশি হাঁস-মুরগির ডিম, কোয়েলের ডিম ও গরুর দুধও পাওয়া যায় বাজারটিতে। তবে ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় দেশি ও নদীর মাছ। শিং, মাগুর, কই, টাকি, ট্যাংরা, বোয়াল, মেনি, চিতল, আইড় ও শোলসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয় এখানে।
বউবাজার নিয়ে ক্রেতাদের মধ্যে একটি প্রশ্ন রয়েছে—এখানে বিক্রি হওয়া সবজি কি আসলে কারওয়ান বাজারসহ ঢাকার বড় বাজারগুলো থেকে সংগ্রহ করা হয়?
বিক্রেতারা এমন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, আশপাশের গ্রাম, সাভার, কালিয়াকৈর, মানিকগঞ্জ ও বিরুলিয়া এলাকার কৃষিপ্রধান অঞ্চল থেকে বিকেলের মধ্যেই তাজা শাকসবজি নিয়ে আসা হয়।
বাজারের পাশেই রয়েছে সবজির খেত। সেখানে লাউ, বেগুন, ঢ্যাঁড়স, পেঁপে, মুলাশাক ও ধনেপাতাসহ বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে। ফলে কিছু পণ্য উৎপাদনস্থলের কাছাকাছি বাজারেই বিক্রি করার সুযোগ পাচ্ছেন কৃষকেরা।
দীর্ঘদিন ধরে বাজারে শাকসবজি বিক্রি করা স্থানীয় নারীদের কেউ কেউ জানান, একসময় এই এলাকায় খাল ও কৃষিজমি ছিল। কৃষিকাজ, মাছ ধরা এবং উৎপাদিত পণ্য বিক্রি করেই অনেক পরিবার জীবিকা নির্বাহ করত।
শুধু কেনাকাটা নয়, খাবারের জন্যও বউবাজারে রয়েছে আলাদা আকর্ষণ। বাজারে বিভিন্ন ধরনের পিঠার দোকান বসে। ভাপা, চিতই, ডিম চিতই, পাটিসাপটা, নারকেল পুলি, চিকেন পুলি, নকশি পিঠাসহ নানা ধরনের পিঠা পাওয়া যায়।
এ ছাড়া ডাবের পুডিং, নিমকি, হাতে তৈরি সেমাই, মোমো ও হালিমের মতো খাবারও রয়েছে। পিঠার দাম সাধারণত ২০ থেকে ৫০ টাকার মধ্যে।
সপ্তাহের সাত দিনই বেলা তিনটার দিকে বউবাজারে বেচাকেনা শুরু হয়। সন্ধ্যার আগেই বাজারের অধিকাংশ কার্যক্রম শেষ হয়ে যায়। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দিনের আলো থাকতেই বাজারে যাওয়া ভালো।
মেট্রোরেলে উত্তরা সেন্টার স্টেশনে নেমে দুই থেকে তিন মিনিট হাঁটলেই দিয়াবাড়ির বউবাজারে পৌঁছানো যায়।
স্থানীয় কৃষিপণ্য, দেশি মাছ, মৌসুমি ফল ও গ্রামীণ খাবারের সমন্বয়ে বউবাজার এখন রাজধানীর ব্যস্ত জীবনে এক টুকরো গ্রামীণ বাজারের স্বাদ দিচ্ছে। আর এই বৈচিত্র্যই দিন দিন বাজারটির জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com