
ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে রাফিয়া প্রশ্ন করেন, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে ভিপি, জিএস ও এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে নারী প্রার্থী না রাখার কারণ কী? ভবিষ্যতে এসব পদে নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হবে কি না, সেটিও জানতে চান তিনি।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। এ সময় রাফিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাবো। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’
তবে রাফিয়া জানান, তিনি নিজের জন্য নয়, বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ তৈরির বিষয়টি সামনে আনতেই প্রশ্নটি করেছেন।
এর পরিপ্রেক্ষিতে জামায়াত আমির বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’
অনুষ্ঠানে জামায়াত আমিরের এই বক্তব্যে ভবিষ্যতে ডাকসু নির্বাচনে নারী নেতৃত্বের অংশগ্রহণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com