
বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। এ লক্ষ্যে দেশে পয়েন্ট অব প্রেজেন্স (পপ) স্থাপন, আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযোগ এবং স্থানীয় ইন্টারনেট ও মোবাইল অপারেটরদের সঙ্গে বিনা মাশুলে ডেটা আদান-প্রদানের অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি মেটার পক্ষে এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেছে। আবেদনে নিজস্ব অবকাঠামো স্থাপনের জন্য তিনটি বিষয়ে অনুমোদন চাওয়া হয়েছে।
মেটা জানিয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য পুরো টেলিযোগাযোগ খাতে ব্যবসা পরিচালনা করা নয়; বরং নিজস্ব প্ল্যাটফর্মের সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা।
কী কী সুবিধা পাওয়া যেতে পারে?
বাংলাদেশে মেটার নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপিত হলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন কনটেন্ট স্থানীয়ভাবে সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। এতে বিদেশি সার্ভারের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ব্যবহারকারীরা দ্রুতগতিতে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ছবি ও ভিডিও দেখা, লাইভ সম্প্রচার এবং অন্যান্য কনটেন্ট লোড হওয়ার সময় কমতে পারে। একই সঙ্গে নেটওয়ার্কের স্থিতিশীলতাও বাড়ার সম্ভাবনা রয়েছে।
কমতে পারে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের খরচ
বাংলাদেশে বিপুল পরিমাণ ইন্টারনেট ট্রাফিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়। বর্তমানে এসব কনটেন্টের উল্লেখযোগ্য অংশ বিদেশের ডেটা সেন্টার থেকে সরবরাহ করা হয়। ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের প্রয়োজন হয়।
মেটার নিজস্ব পয়েন্ট অব প্রেজেন্স (পপ) স্থাপিত হলে জনপ্রিয় কনটেন্টের একটি অংশ দেশের ভেতর থেকেই সরবরাহ করা সম্ভব হবে। এতে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের চাপ ও আমদানি ব্যয় কমতে পারে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে আমদানি করা আন্তর্জাতিক ব্যান্ডউইডথের পরিমাণ ছিল ১১ হাজার ৬৫৩ দশমিক ৬৮ জিবিপিএস।
স্থানীয় প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের সুযোগ
মেটা জানিয়েছে, বাংলাদেশে নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে উল্লেখযোগ্য মূলধনি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। স্থানীয় অংশীদারদের মাধ্যমে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ, স্থাপন ও পরিচালনার কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডেটা সেন্টার, ট্রান্সমিশন কোম্পানি ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি প্রযুক্তি খাতে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
বিকাশ-নগদে বিজ্ঞাপনের টাকা দেওয়ার সুযোগ?
মেটার স্থানীয় কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন এবং কনটেন্ট বুস্টের মূল্য পরিশোধের সুযোগ তৈরি হতে পারে।
এতে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য ডিজিটাল বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখনো চূড়ান্ত হয়নি বিনিয়োগের সিদ্ধান্ত
মেটা অবকাঠামো স্থাপনের অনুমতি চাইলেও বিনিয়োগের পরিমাণ, সম্ভাব্য স্থান কিংবা কার্যক্রম শুরুর সময়সীমা প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, চূড়ান্ত বিনিয়োগের সিদ্ধান্ত অভ্যন্তরীণ অনুমোদন এবং কারিগরি, বাণিজ্যিক ও পরিচালনাগত বিষয়গুলোর ওপর নির্ভর করবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, দেশে মেটার নিজস্ব অবকাঠামো স্থাপিত হলে ইন্টারনেট ট্রাফিক পরিচালনায় বিদেশি নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি স্থানীয় কার্যালয় প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠানটির জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
সব মিলিয়ে মেটার প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের ইন্টারনেট অবকাঠামো শক্তিশালী হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে গতি, ব্যয় সাশ্রয় এবং স্থানীয় প্রযুক্তি খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এসব সুবিধা কতটা বাস্তবে পাওয়া যাবে, তা নির্ভর করবে প্রস্তাবের অনুমোদন ও বাস্তবায়নের ওপর।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com