বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বতী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সংঘাতে নিহত ১৯৫ জন

অন্তর্বতী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সংঘাতে নিহত ১৯৫ জন
Views

            ষ্টাফ রিপোর্টার\ অন্তর্বতী সরকারের গত ১৭ মাসে দেশে অন্ততঃ ১ হাজার ৪১১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৯৫ জন নিহত এবং ১১ হাজার ২২৯ জন আহত হয়েছে। সংঘর্ষের প্রায় ৫০ শতাংশ বিএনপির অন্তঃকোন্দল। নিহতদের মধ্যে বিএনপির ৭০ শতাংশ বা ১৩৪ জন এবং আওয়ামী লীগের ১৭ শতাংশ বা ২৬ জন রয়েছে। নিহত অন্যরা বিভিন্ন দলেরসহ অজ্ঞাতপরিচয়।

            রাজনৈতিক সহিংসতায় গড়ে প্রতি মাসে নিহত হয়েছে ১১ জনের বেশি মানুষ।

জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি (আগস্ট ২০২৪-জানুয়ারি ২০২৬) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতা নামের পৃথক দু’টি প্রতিবেদন প্রকাশ করে।

            এইচআরএসএস জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার (গত ১১ই ডিসেম্বর ২০২৫) পর থেকে গত ৩১শে জানুয়ারি পর্যন্ত ১৬২টি নির্বাচনী সহিংসতায় ৯৭০ জন আহত এবং ৫ জন নিহত হয়েছে। তফসিল ঘোষণার আগ থেকেই রাজনৈতিক সহিংসতার ঘটনা বেশ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

            প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির অন্তঃকোন্দলে ৪০ ঘটনায় ৩৩৪ জন আহত ও তিনজন নিহত হয় এবং বিএনপি-জামায়াত সংঘর্ষে ৫০ ঘটনায় ৫৬০ জন আহত ও একজন নিহত হয়। এ ছাড়া অন্যান্য দলীয় সংঘর্ষে হতাহতের ঘটনা রয়েছে। নির্বাচনী প্রচারে নারীদের অংশগ্রহণ বাড়ার সঙ্গে হামলা ও হেনস্তার ঘটনাও বেড়েছে।

            তফসিল ঘোষণার পর থেকে জানুয়ারি পর্যন্ত ১২টি ঘটনায় ১৮ জন নারী হেনস্তার শিকার এবং ৬ জন আহত হয়েছেন। বেশির ভাগ ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া ২৫টি ঘটনায় ৩৪ জন ভোটারকে হুমকি দেয়া হয়েছে। অন্তত ১৩টি ঘটনায় ১৩ জন প্রার্থী হেনস্তা বা হামলার শিকার হয়েছেন।

            এইচআরএসএসের তথ্য মতে, গত ১৭ মাসে ২ হাজার ৬১৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৭ মাসে ৪১৩টি গণপিটুনির ঘটনায় ২৫১ জন নিহত এবং ৩১৩ জন আহত হয়েছে। ৪২৭টি ঘটনায় ৮৩৪ জন সাংবাদিক হামলা, নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৬ জন নিহত, ৩৭৯ জন আহত ও ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন।

Share This

COMMENTS