
ইরানের আকাশে উত্তেজনা চরমে—অত্যাধুনিক এফ-৩৫সহ দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। শুধু তাই নয়, পাইলটদের উদ্ধারে পাঠানো একটি মার্কিন হেলিকপ্টারও হামলার শিকার হয়ে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ওই মার্কিন হেলিকপ্টারটি ধ্বংস করা হয়েছে। এতে থাকা পাইলটদের সন্ধানে এখন তৎপরতা চালাচ্ছে উভয় পক্ষই। বিশ্লেষকদের মতে, পাইলটদের আটক করতে পারলে সংঘাতের মোড় ঘুরে যেতে পারে।
এদিকে, মার্কিন এক কর্মকর্তাও স্বীকার করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি ধ্বংস হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ করেছে। তাদের দাবি, শুক্রবার (৩ এপ্রিল) ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলা চালায়।
প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানটিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের চিহ্ন ছিল এবং এটি ইংল্যান্ডের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থানরত ৪৮তম স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত। এই স্কোয়াড্রন সাধারণত এফ-৩৫, এফ-১৫, এফ-২২ ও এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে থাকে এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল।
এর আগে ইরান পৃথক হামলায় এফ-৩৫সহ দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি জানায়, যা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।