
পবিত্র ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। আগামী ১০ মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি করে ওয়ার্ডে এ কার্ড বিতরণ করা হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে পরীক্ষামূলকভাবে ‘ইউনিভার্সেল ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাছাই করা ১৪টি উপজেলার প্রতিটিতে একটি ইউনিয়ন ও একটি ওয়ার্ডে এ কার্ড বিতরণ করা হবে।
তিনি বলেন, দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ কার্ডের সুবিধা পাবেন। কার্ডধারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবেন। কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য থাকবে না; এটি হবে সম্পূর্ণ ‘ইউনিভার্সেল’ ব্যবস্থা।
সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে চার মাস পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম পরিচালিত হবে। এরপর ধাপে ধাপে প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। প্রথমে একটি ওয়ার্ড, পরে একটি ইউনিয়ন এবং পর্যায়ক্রমে সারা দেশে এ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।