
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনায় একই ঘরের ২ কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত রোববার (১লা মার্চ) বিকেল সাড়ে ৪টায় চান্দিনা উপজেলার দোলাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এই ঘটনা ঘটে। মরদেহ দু’টি হলো- ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মেয়ে ও এক ছেলের জননী ফারহানা আক্তার। বাবার সঙ্গে ঢাকায় থাকেন ছেলে। ১০ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতো ফারহানা।
গত রোববার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে শাশুড়ি বাড়ি ফিরে ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাইর থেকে অনেক ডাকাডাকি করেন। এক পর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের মানুষজন ডাকেন। ঘটনা জানাজানি হলে উৎসুক জনতা বাড়িতে ভীড় জমায়।
প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, জানালা ভেঙে ঘরের একটি কক্ষে শিশু এবং অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান চান্দিনা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ। তদন্তের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত ঘটনা জানা যাবে।’