
ষ্টাফ রিপোর্টারঃ কুমিল্লার পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বে থাকা ২ গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) রেলওয়ে পূর্বাঞ্চল (চট্টগ্রাম) বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ের পক্ষ থেকে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে দায়িত্বরত দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে দায় প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।”
উল্লেখ্য, গত শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় ল²ীপুরগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “গেট পুরোপুরি নামানো ছিল না। বাসটি দ্রæত উঠে পড়ে লাইনে। কিছু বুঝে ওঠার আগেই ট্রেন এসে ধাক্কা দেয়।”
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অজয় ভৌমিক বলেন, “আহতদের বেশিরভাগের মাথায় গুরুতর আঘাত রয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।”
এদিকে, আহতদের স্বজনদের অভিযোগ, “ক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলে এমন দুর্ঘটনা ঘটত না। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”