দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে।
আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটি-র বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবিহ নামাজ আদায় করবেন এবং সাহরি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন।
এর আগে মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই সেখানে রোজা শুরু হয়েছে। বিশ্বের আরও কিছু দেশের মুসলমান সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করছেন।