👁 504 Views

তারেক রহমান নির্দেশনায় ই-হেলথ কার্ড চালু, স্বাস্থ্য সেবা পৌঁছাবে জনগণের দোরগোড়ায়

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ই-হেলথ কার্ড কার্যকরভাবে চালু করতে। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করার বিষয়েও আলোচনা হয়েছে। আতিকুর রহমান রুমন জানান, শুধুমাত্র এলজিইডি’র ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এমন সব পরিত্যক্ত ভবন ও বিল্ডিং ক্লিনিক ও স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও বৈঠকে আলোচ্য হয়েছে। প্রতিবছর দেশে প্রায় ৩৪ লাখ নবজাতক জন্মগ্রহণ করে। বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে তৎপর হতে বলা হয়েছে।

এছাড়া, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী (নারী ৮০%, পুরুষ ২০%) নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। দূর্গম এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক পাঠানোর তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *